হোম > রাজনীতি

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি

স্টাফ রিপোর্টার

শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

তিনি বলেন, শ্রমিকের অধিকার আদায়ের পরিবর্তে কোনো কোনো ট্রেড ইউনিয়ন দল কিংবা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা বলতে চাই, নেতাদের ব্যক্তিগত স্বার্থ বা দল নয়, শ্রমিকের স্বার্থই হোক ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রধান লক্ষ্য। তৈরি পোশাকশিল্প থেকে শুরু করে অপ্রাতিষ্ঠানিক খাত—সব শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে শ্রমিকবান্ধব ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ বৈঠকে কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন। ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ ও মজিবুর রহমান ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনো ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে যথাযথ অধিকার থেকে বঞ্চিত। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হলেও অপ্রাতিষ্ঠানিক খাতসহ বিভিন্ন পেশার শ্রমিকদের মজুরি নির্ধারণ ও পুনর্নির্ধারণের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। শ্রমের ধরন, পরিশ্রম ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সব শ্রেণি-পেশার শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

বৈঠকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন কার্যক্রম জোরদার, অঞ্চল ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আইজিপিকে অপসারণ করতে হবে: খেলাফত আন্দোলন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

সিপিবির কার্যালয়ে হামলা ও মুক্তিযোদ্ধার দাফনে বাধায় জেএসডির নিন্দা

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

‘স্বাধীন দেশে প্রথম ক্রসফায়ার করেছেন শেখ মুজিব’

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে’

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য আইনের শাসনের পরিপন্থী: নেজামে ইসলাম পার্টি

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’