স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সহজ শর্তে ও স্বল্প সুদে প্রত্যেককে ১০ লাখ টাকা করে ঋণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের চত্বরে জাসদ (শাহজাহান সিরাজ)-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) এম এ জলিলের নেতৃত্বে ১৯৭২ সালের ৩১ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের লক্ষ্য ছিল একটি সম্প্রীতিপূর্ণ, ক্ষুধা, দারিদ্র্য, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আইনের শাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে সবার আগে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে দেশের প্রত্যেক বেকার যুবককে সহজ শর্তে ও স্বল্প সুদে ১০ লাখ টাকা করে ঋণের ব্যবস্থা করতে হবে।
তরুণদের হাতে বিনিয়োগের সুযোগ তুলে দেওয়া হলে আধুনিক কৃষি, শাকসবজি, মাছ, মাংস ও দুগ্ধ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে জাসদ (শাহজাহান সিরাজ)-এর ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই কার্যকর ভূমি সংস্কার, নদীভাঙন রোধ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং সমন্বিত নদীশাসন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও যোগ করেন, পলিথিন ও বর্জ্যমুক্ত পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়েই বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা সম্ভব।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টির সভাপতি মোবারক হোসেন বিজ্ঞানী, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাহ উদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য খলিলুর রহমান, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকীব হক, মেজর জলিলের অনুসারী আব্দুল মান্নান ও শ্রমিক নেতা নাসির উদ্দিন প্রমুখ।