হোম > রাজনীতি

মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তোলপাড়

স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কলকাতার পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। গণমাধ্যমটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—মির্জা ফখরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) চান। এছাড়া বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল জামায়াতে ইসলামী, তবে তারা অনেক কম সংখ্যা দিতে চেয়েছিলেন। এমনকি নতুন তৈরি হওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনীতিতে কোনো শক্তিই মনে করে না বিএনপি।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। শুরু হয় ব্যাপক সমালোচনা। তবে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল। গতকাল মঙ্গলবার রাতে আমার দেশ-এর কাছে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির জন্য এমন কাজ করা হচ্ছে। এটা সঠিক নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘ওই নিউজটি ফেক (ভুয়া)। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। ইদানীং ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়কে আমি এ ধরনের কোনো কথা বলিনি।’

পত্রিকাটি ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে—প্রশ্ন মির্জার’ শিরোনামে গতকাল বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার প্রকাশ করে। সাক্ষাৎকারটিতে জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল, আওয়ামী লীগ, জাপাকেও নির্বাচনে আসতে দেওয়া উচিত এবং এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া—ইত্যাদি বক্তব্য তুলে ধরা হয়।

জামায়াতের প্রতিবাদ

কলকাতার পত্রিকাটির প্রতিবেদনে জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তার নিন্দা জানিয়েছে দলটি। একই সঙ্গে এর তীব্র প্রতিবাদও জানিয়েছে জামায়াত। দলটিকে নিয়ে বক্তব্যের পক্ষে তথ্যপ্রমাণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ভারত থেকে প্রকাশিত একটি দৈনিকে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জামায়াত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ। মির্জা ফখরুলের মতো প্রবীণ রাজনীতিবিদ এমন বক্তব্য দিয়েছেন, তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি জামায়াত কার কাছে আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করতে হবে। এটি করতে ব্যর্থ হলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

যদিও সাক্ষাৎকারটিতে জামায়াত সম্পর্কে দেওয়া বক্তব্য অস্বীকার করেছেন মির্জা ফখরুল। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি মহাসচিবকে নিয়ে ওই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।

এই সময়-এর প্রতিবেদন

মির্জা ফখরুলের সঙ্গে রিপোর্টার অনমিত্র চট্টোপাধ্যায়ের ছবি সংযুক্ত করে সাক্ষাৎকারটি গতকাল প্রকাশ করে এই সময়। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ‘এই সময়’। এ মাসের ৪ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায়।

সাক্ষাৎকারে দাবি করা হয়, জামায়াতের পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া ভোট না করার দাবি এবং এনসিপির প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে জানতে চান প্রতিবেদক।

জবাবে মির্জা ফখরুল বলেন, জামায়াত ভোটে আসবে। পিআর-টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝে, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।

এনসিপি নাকি বিএনপির কাছে আসন চেয়েছিল—এ বিষয়ে প্রশ্ন করলে ফখরুল বলেন, না। এনসিপি কখনো চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।

জামায়াত ৫০টি আসন চেয়েছে কি না—জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ৩০টি চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের মানুষ প্রবলভাবেই নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন।

আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকরা—এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটি সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি—তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে।

ইউনূস বলছেন, ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে। সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই—এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সে সময়ে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত, এক দিকে সাগর। সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো, বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা।

আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে। জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থি একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল