হোম > রাজনীতি

কনক সারওয়ারের মন্তব্যে রাজশাহী বিএনপিতে তোলপাড়

রাজশাহী অফিস

রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু অজানা কারণে এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। প্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন। এরপর থেকে দলের নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ৯ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে রাজশাহী জেলা বিএনপির নতুন কমিটির প্রস্তাব উত্থাপন করা হয়। সেই বৈঠকে পুরোনো কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে তারেক রহমান নতুন কমিটি অনুমোদনও দেন। তবে ১০ দিন পার হলেও এখনো নতুন কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সারওয়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের কঠোর সমালোচনা করেন।

ড. কনক সারওয়ার লিখেছেন, ‘কেন্দ্রীয় দুই-তিন জন নেতার অযাচিত হস্তক্ষেপে ভেঙে পড়েছে রাজশাহী বিএনপির কার্যক্রম…? তিন মাসের জন‍্য গঠিত আহ্বায়ক কমিটি দিয়ে ৬ বছর ধরে চলছে রাজশাহী বিএনপি!

নেতৃত্ব দিচ্ছেন দুই প্রবীণ নেতা যাদের বিরুদ্ধে আছে চাঁদাবাজী আর যৌন হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ। সরেজমিন জরিপ অনুসন্ধান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন।

বর্তমান আহ্বায়ক প্রবীন নেতা আবু সাঈদ চাঁদের নাম অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজির কয়েকটি ঘটনায়। আর সদস‍্যসচিব বাবু বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন যৌন হয়রানির প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন! বছরের পর বছর ধরে দলের দায়িত্বে থেকে চাঁদ এবং বিশ্বনাথ নিজেদেরই প্রতিষ্ঠিত করছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। যার ফলে রাজশাহী জেলার রাজনীতিতে বিএনপি কর্মীরা শক্তি হারাচ্ছে, সাংগঠনিক কাঠামোও বিপর্যস্ত।

রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় যদি শক্তিশালী এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালিত না হয় তাহলে সামনের নির্বাচনে তার একটি মারাত্মক বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন রাজশাহী বিএনপি ঘনিষ্ঠ রাজনীতিকরা।’

রাজশাহীর বিভিন্ন উপজেলার তৃণমূলের নেতারা জানান, দলের ত্যাগী, পরীক্ষিত ও মাঠের নেতাদের মূল্যায়ন না করলে সামনের নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। দ্রুত নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তারা।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন এমন কোনো খবর আমার জানা নেই। তবে শুনেছি খুব শীঘ্রই আহ্বায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত বলেন, রাজশাহী জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যা এখন প্রক্রিয়াধীন। দ্রুতই সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটি পাঠালেও তা কেন্দ্রীয় দুই-তিন জন নেতা আটকে রেখেছেন এমন অভিযোগের বিষয় জানতে চাইলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘দলীয় সব সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। রাজশাহী জেলা বিএনপির কমিটির বিষয়টিও প্রেসবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী কর্মসূচি

বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: সাইফুল হক

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ভালো আইন আনার কথা বলে উল্টো পথে হাঁটছে সরকার: আখতার হোসেন