সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীকে দায়ী করার ‘অপচেষ্টার’ অভিযোগ এনে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানিয়ে বলেন, দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।
তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার অনুরোধ করেন।