মিরপুর (অবিভক্ত) এলাকা থেকে নির্বাচিত একাধিকবারের সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি একটি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এসএ খালেক দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। আজ তিনি হাসপাতালে মারা গেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।
বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর ৮৬ ও ৮৮ সালে পরপর দুবার সংসদ নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।