ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ভিপি আজিজুল হকের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, এই ভিপি দোকানিদের জরিমানা আদায় করে সেই অর্থ জামায়াতের বায়তুল মালে জমা দিচ্ছেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে ‘৭ নভেম্বর প্রজন্ম’-এর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
এ সময় রিজভী প্রশ্ন তোলেন, “ডাকসুর ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের দোকানপাটে জরিমানা আদায়ের ক্ষমতা কি তার রয়েছে? অথচ তিনি জরিমানা করছেন, আর সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে। এটা কোন ধরনের বিষয়?”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভিপির দায়িত্ব হচ্ছে জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করা। অথচ এখন দেখা যাচ্ছে তিনি দোকানপাট থেকে টাকা নিচ্ছেন। আমি নিজেও ভিপি ছিলাম। আমরা কখনো বিশ্ববিদ্যালয়ের দোকানদারি দেখিনি—এটা কর্তৃপক্ষের কাজ।”
গত ১২ সেপ্টেম্বর সূর্যসেন হলের এক দোকানিকে ‘টেস্টিং সল্ট’ রাখার অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন ওই হলের ভিপি আজিজুল হক। পরে ১৪ সেপ্টেম্বর তিনি ক্যান্টিন মালিককে খাবারের মান উন্নত করতে ১৫ দিনের সময়সীমা দেন। এছাড়া কর্মচারীদের পোশাক নিয়ে ক্যান্টিনে হস্তক্ষেপ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা শুরু হয়।
ওইসব বিষয়েই রোববার দেওয়া বক্তব্যে রিজভী আরও বলেন, “বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে খাট-ডাইনিং টেবিল সরবরাহ করা হবে। ডাকসুর দায়িত্ব ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে বার্গেডিং করা, খাট বা আসবাবপত্র বিতরণ করা নয়। অথচ এখন হলগুলোতে লোহার খাট দেওয়া হচ্ছে, ডাইনিং টেবিল বসানো হচ্ছে। এগুলো খুবই বাজে আলামত, এগুলো রাষ্ট্রদ্রোহিতার সামিল।"
তিনি আরও অভিযোগ করেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশের হুমকি-হুংকারের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এক ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এর মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা চলছে।”
রিজভীর মতে, ছাত্র রাজনীতিকে ভিন্ন খাতে পরিচালিত করে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ার চেষ্টা করছে জামায়াত-শিবির।
বিএনপির এই সিনিয়র নেতা সরকার ও গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, “বালু মহাল, পাথর লুট কিংবা নারীঘটিত ঘটনায় জামায়াতের নাম এলেও সেগুলো প্রচার হয় না। বরং নানা কায়দায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”