আবারও বাংলাদেশে চক্রান্তের খেলা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই চক্রান্তের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখনো বাহিরে থাকতে হচ্ছে।
বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার ন্যূনতম যে সংস্কারগুলো দরকার, অর্থাৎ আমাদের নির্বাচনের জন্য যে সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্রকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা। তার মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠান করা। যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের যেই অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। সেটা ইতিহাসে প্রমাণিত।
বিএনপির মহাসচিব বলেন, আমরা সে কথায় বার বার বলে আসছি, যে আজকে দুর্ভাগ্যজনক ভাবে দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যেটা অতীতে হয়েছে বার বার। যেটার পরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি। যার ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে। চক্রান্তের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এখনো বাহিরে থাকতে হচ্ছে।
এই চক্রান্ত আবার শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কি কারণে যারা সত্যিকার বাংলাদেশে বিশ্বাসী, যারা জোড় গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে দুরে সরিয়ে রাখতে চাচ্ছে। এই চক্রান্ত বহুবার হয়েছে। আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনদিনই তাদের চক্রান্ত সফল হতে দিবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।