হোম > রাজনীতি

গুণগত শিক্ষার বদলে ৯৫ শতাংশ পাসের রাজনীতি হয়েছে: রিজভী

স্টাফ রিপোর্টার

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি অভিযোগ করে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করার পরিবর্তে তখন পরীক্ষায় ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা কিছু না লিখলেও তাদের পাস করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর ওপর মহল থেকে চাপ ও ধমক দেওয়া হতো।

বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে গেলে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, তেমনি শিক্ষা খাত ধ্বংস হয়ে গেলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। বিগত সময়গুলোতে শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত রাজনীতিকরণের কারণে দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে।

তিনি বলেন, বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি প্রকাশকে গুরুত্ব দেওয়া হলেও নৈতিক শিক্ষার বিষয়টি উপেক্ষিত ছিল। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার যে প্রক্রিয়া, সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও শিক্ষক সমাজকে পালন করতে হবে। জাতির ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র ও মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, দাবি আদায়ের আন্দোলন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও জরুরি। একটি জাতির অগ্রগতি কেবল দাবি-দাওয়া আদায়ের মধ্য দিয়ে সম্ভব নয়; এর জন্য জ্ঞানভিত্তিক ও নৈতিকভাবে শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে হবে।

বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে অসাধারণ সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে দলটি সচেতন। বিএনপির যে ভিশন ও পরিকল্পনা রয়েছে, সেখানে শিক্ষক সমাজকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে দেশজুড়ে আগত শিক্ষক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ প্রমুখ।

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি, লংমার্চে সহযোগিতা কামনা

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেব না: নাহিদ ইসলাম

অর্থনৈতিক স্বনির্ভরতা ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রই বিদেশি আগ্রাসন প্রতিরোধের মূলমন্ত্র: জেডিপি

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান