খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের উপর হামলা আমরা মেনে নিতে পারি না। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। এই হামলায় শত শত নারী-শিশু ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। পবিত্র মাহে রমজানের অন্যতম শিক্ষা হচ্ছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে সকল আগ্রাসী শক্তির মোকাবেলা করে বিজয় অর্জন করতে হবে।
বাংলাদেশের নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করতে চায়। আদালতের ঘাড়ে সওয়ার হয়ে গণভোটকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। গণভোটের ফল বাতিলের রিটে সরকারের ইন্ধন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।
খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের আজ ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ডঃ মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, এবি পার্টির মহানগরী সদস্য সচিব বারজাক নাসির আহমদ, ৩৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল খন্দকার আবদুর রব, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, খেলাফত মজলিস মহানগরী দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সহপ্রশিক্ষণ সম্পাদক ড. মারুফ বিল্লাহ, মুহাদ্দিস শাহাদাত হোসাইন প্রমুখ।