শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি।
চরমোনাই পীর বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মনির হোসেন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় সদস্য মুফতি মোস্তফা কামাল।