ছাত্রদলের ১১ ইউনিটিতে নতুন কমিটি
ঢাকা মহানগরের চার শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১১ ইউনিটিতে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটি ঘিরে পতিত সরকারের সময় আন্দোলন ও সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরিশ্রমী ছাত্র নেতাদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ আছে নতুন কমিটিতে যারা পদ পেয়েছে তারা অধিকাংশ গত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিল। অনেকে নতুন বা অপরিচিতদের গণহারে পদায়ন, সভাপতি ও সেক্রেটারির অনুসারীদের গুরুত্বপূর্ণ পদে বসানোসহ নানা অভিযোগ তুলেছেন এক অংশের নেতাকর্মীরা, যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। এরই মধ্যে অনেকে প্রত্যাশিত পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগেরও ঘোষণা দিয়েছে।
পদবঞ্চিতদের অভিযোগ, গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনসহ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অবস্থান থাকার পরও নতুন কমিটিতে জায়গা হয়নি তাদের। শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন, সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি খেয়েছেন আবার অনেক ছাত্র নেতা নির্যাতনের শিকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিন্তু তারা কমিটিতে কোনো পদ পায়নি।
বরং ৫ আগস্ট পটপরিবর্তনের সময় যাদের বিরুদ্ধে আন্দোলনে সংগ্রামে না থাকার অভিযোগ ও বিভিন্ন স্থানে চাঁদা দাবি দখলের অভিযোগ রয়েছে তাদের নতুন কমিটিতে পদায়ন করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হলো।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন মো. মনিরুজ্জামান। যিনি সদ্য সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী সরকারের আমলে একাধিক মামলায় জেল ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট শাহবাগে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে আমার মাথায় ২৩টি সেলাই করা হয়েছে। নতুন কমিটিকে পকেট কমিটি হয়েছে বলে অভিযোগ করে তিনি।
ছাত্রদলের ঢাকার ১১ ইউনিটের নতুন কমিটি ঘোষণার পর সবচেয়ে বেশি অভিযোগ ওঠেছে মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, বাংলা কলেজ, ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজ কমিটির বিরুদ্ধে। এই কমিটিগুলোয় যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ ওঠেছে। আবার অনেকের বিরুদ্ধে বিগত আন্দোলন সংগ্রামে ঢাকার বাইরে অবস্থান করতেন বলে জানা গেছে। ফলে প্রতিবার ঢাকা মহানগরে আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি।
আন্দোলন সংগ্রামের ঢাকা মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা মিরপুরে অবস্থিত বাংলা কলেজের ২৪ সদস্যর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক মোখলেসুর রহমান বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তিনি বাংলা কলেজের নিয়মিত ছাত্র নয়। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
আর সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী নারী অক্টোবরে থানায় সাধারণ ডায়েরি করেছে। একই সঙ্গে তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে বলে যায়।
নতুন কমিটির এই দুজন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের আস্থাভাজন হিসেবেই পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ফয়সাল রেজা আমার দেশকে বলেন, একটা মেয়ের সঙ্গে ছবি থাকতে পারে এটা স্বাভাবিক ব্যক্তিগত বিষয়। কমিটির সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এদিকে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান। যিনি সরকার বিরোধী আন্দোলনে পাঁচ মামলায় ১৮ মাস জেল খেটেছেন। প্রতিটি আন্দোলন সক্রিয় অবস্থান থাকার পরে নতুন কমিটিতে তাকে কোথাও রাখা হয়নি। নতুন কমিটিতে আহবায়ক করা হয়েছে তরুণ মোর্শেদকে। তার বিরুদ্ধে ফার্মগেট এলাকায় বিভিন্ন মার্কেটে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা যায়।
অন্যদিকে ছাত্রদলের আরেক গুরুত্বপূর্ণ্য ইউনিট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। এখানেও দু'সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে পদপ্রত্যাশী ছিলেন আতিকুর রহমান। যিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে হামলা-মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন। কিন্ত তাকে কমিটিতে না রেখে নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সাব্বির আহম্মেদকে। যার বিরুদ্ধ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
নতুন কমিটি ঘোষণা পর বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আমার দেশকে বলেন, আমাদের সংগঠনে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক অনেক। এরমধ্য থেকে আমরা ত্যাগীদের মূল্যায়নের চেষ্টা করেছি। যারা বাদ পড়েছে ভবিষতে তাদেরও মূল্যায়ন করা হবে।