সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকের পোস্ট। যে পোস্টে তিনি নিজেকে সৎ দাবি করে নিজ দলের মঙ্গল কামনা করেছেন।
সেই ফেসবুক পোস্ট পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হল।
‘বিএনপিকে কেউ চাঁদাবাজের দল বললে অন্তরে অনেক কষ্ট লাগে। এখনো আমার অফিসের চাকরির বেতনের টাকা দিয়ে দলীয় প্রোগ্রাম করি। আমার দ্বারায় কেউ জুলুমের শিকার হয়েছে বা কারো কাছে থেকে চাঁদাবাজি করেছি এমন কোন তথ্য আর প্রমাণ থাকলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়ে সহযোগিতা করবেন। আমিও চাঁদাবাজ মুক্ত আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি চাই।’
এ পোস্ট দেওয়া সম্পর্কে জানতে চাইলে মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গুম ঘর থেকে আল্লাহ জীবিত ফিরে এনেছে। নির্যাতনের মাত্রা দেখে মনে হতো মরে যাওয়া ভালো। নতুন জীবন দিয়েছে আল্লাহ। এতো কষ্ট করেছি শুধু দলকে ভালোবাসি বলে। আর ৫ আগস্টের পর কিছু অসৎ নেতাকর্মীর কারণে দলের বদনাম হলে তা মেনে নিতে কষ্ট হয়। তাদের জন্য দলের চেয়ারম্যানকে কথা শুনতে হয় এটা মেনে নিতে পারি না। একটি চক্র যখন বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার চেষ্টা করছে তখন বুঝাতে চেয়েছি, বিএনপিতে সৎ রাজনীতি করে এমন নেতাকর্মীর সংখ্যাই বেশি।
তিনি আরও বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি ঘিরে ৫ অক্টোবর ডিবির মতিঝিল টিম আমাকে উত্তরা থেকে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলেই পাশবিক নির্যাতন করেন। গুম ছিলাম এক সপ্তাহ। এরপর জামিনে বের হই ২৬ অক্টোবর। দুইদিন পালিয়ে থেকে অংশগ্রহণ করি সমাবেশে। জেল ও খেটেছি এর আগে।
বিএনপির এই নেতা বলেন, জিয়ার আদর্শ বুকে লালন করে বিএনপির রাজনীতিতে এসেছি। আপসহীন নেত্রী বেগম জিয়ার সততাকে লালন করি। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান স্যারের দিক নির্দেশনা পালন করলে কেউ চাঁদাবাজিতে জড়াবেন না।
এদিকে, উত্তরের কয়েকটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এক প্রোগ্রামে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বলেন, দলে যখন চাঁদাবাজি করার চেষ্টায় ব্যস্ত কিছু নেতাকর্মীরা তখন সিদ্দিকের মত নেতারা সততার পরিচয় দেন, তাও ফেসবুকে। এটা আমাদের দলের জন্য সত্যিই গর্বের। এমন সৎ সাহস সবার থাকে না। সব নেতাকর্মী আগামীতে নিজেদের এমন সততার পরিচয় দিবেন এটাই আশা করি।