হোম > রাজনীতি

আব্দুল কাইয়ুম সুবহানী নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির নির্বাচিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নতুন কেন্দ্রীয় নির্বাহী আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। গত শনিবার অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। রোববার সেটি প্রকাশ করা হয়।

দলের আমির আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুসা বিন ইযহারের সঞ্চালনায় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ১৯৬৫ সালে চাঁদপুর জেলার দক্ষিণাঞ্চলের হানার চর ইউনিয়নের গোবিন্দ গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুস সোবহানের পুত্র। শৈশব থেকেই তিনি অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির পরিচয় দেন এবং দ্বীনি শিক্ষায় গভীর অনুরাগী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে। পরবর্তীতে তিনি চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি ভারতের দারুল উলূম দেওবন্দে গমন করেন এবং ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এছাড়া ভারতে অবস্থানকালে একটি প্রকাশনা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

দেশে ফিরে তিনি বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবনের শুরুর দিকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নায়েবে নাজেমে দপ্তর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন প্রকাশনা ও সম্পাদনা কার্যক্রমে যুক্ত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন এবং সহীহ বুখারী ও তাফসীর সংশ্লিষ্ট গ্রন্থ সম্পাদনায় অবদান রেখেছেন।

বর্তমানে ঢাকার সেগুনবাগিচা মসজিদের খতিব হিসেবে কর্মরত আছেন মাওলানা সুবহানী। পাশাপাশি তিনি খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ‘মাদরাসাতুল কোরআন ওয়া সুন্নাহ’-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের তিনবার নির্বাচিত সভাপতি। এছাড়া কওমি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির হিসেবে দীর্ঘদিন কাজ করার পর এবার তাকে নির্বাহী আমিরের দায়িত্ব প্রদান করা হলো।

জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

নির্বাচনে আমরা পরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছি: জমিয়ত নেতা আফেন্দী