বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। শাহবাগ হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে এ পদযাত্রা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থাগ্রহণের দাবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা শুরু হয়।
এরআগে দুপুর দেড়টা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শিখা চিরন্তন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন।
পদযাত্রায় নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইট ইস জাস্টিস ডিনাইড’, ‘সে নো টু মোবক্রেসি’, ‘স্টপ মব জাস্টিস’, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারহীনতা’, ‘দায়মুক্তি নতুন ছাত্রলীগের জন্ম দিতে যথেষ্ট’, ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’, ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘টুগেদার ফর জাস্টিস’, ‘টুগেদার ফর সেইফ ক্যাম্পাস’ প্রভৃতি স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়।