হোম > রাজনীতি

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার, জাতীয় প্রেস ক্লাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা দেশে গুপ্ত হামলা, জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ এ সভার আয়োজন করে।

ইশরাক বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বরেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা নানা উপায়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন উল্লেখ করে ইশরাক বলেন, আগামী ডিসেম্বরের ৩০ দিনই তারা রাজপথে থেকে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতার জবাব দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি পুনর্গঠনে প্রধানমন্ত্রীকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

ইশরাক আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাতের চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক জানান, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাকে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে এখনো যারা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

ইশরাক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানে থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্জিত স্বাধীনতা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি