বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলো, আমরা ইনশাআল্লাহ পুনরায় বাংলাদেশে সে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করবো।
বুধবার দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সে সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের।
গত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে কিন্তু তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিলো না। তারা ১৯৭১ সালে কাপুরুষের মত পালিয়েছিলো, পরবর্তীতে সংসদের ভিতরে গণতন্ত্র কে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিলো, আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিলো।