চুয়াডাঙ্গায় তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশটাকে লুটপাটের পাশাপাশি তা ভেঙেচুরে শেষ করে গেছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সাহিদ গার্ডেনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ছয় শতাধিক নেতা অংশ নেন।
তারেক রহমান বলেন, আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে গত দুই বছর আগে ৩১ দফা উপস্থাপন করেছি। স্বৈরাচার সরকার গত ১৫ বছর দেশকে ধ্বংস করে দিয়েছে। সেই কারণে রাষ্ট্রকে মেরামত করতে হবে। ৩১ দফায় আমরা যা বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার যে কমিশন গঠন করেছে, সে কমিশনও আমাদের কথাই বলেছে।
ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফারমার্স ও ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এর ফলে তারা ভর্তুকি মূল্যে সার-বীজ, পরিবারের চিকিৎসাসেবাসহ যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশিসংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশে ৭০ হাজার প্রশিক্ষিত নার্স আছে। তিনি এ সময় আরো উল্লেখ করেন, চিকিৎসাখাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়, এগুলো বন্ধ হওয়া দরকার।
আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান তুলে ধরে তারেক রহমান আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, সেই টাকা লুটপাট করেছে। শ্রমিক-মালিক এক হয়ে ভাই ভাই হয়ে উন্নয়নসাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং ভবিষ্যতে এটির বাস্তবায়ন করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দক্ষ জনশক্তি রয়েছে, সেই জনশক্তি রপ্তানি করতে হবে। এ দেশের শিক্ষিত কোনো তরুণ-তরুণী যেন বেকার না থাকে। শিক্ষিত অনার্স-মাস্টার্স পাস করে কোনো তরুণ-তরুণী যেন তার পরিবারের কাছে বোঝা না হন । এ কারণে তাদের ন্যূনতম এক বছর বেকার ভাতা প্রদান করা হবে। যাতে করে তারা এ সময়ে চাকরি খোঁজার জন্য অনুকূল পরিবেশ পান।
কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজিত জাতীয় স্থায়ী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, সাবেকএমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।