হোম > রাজনীতি

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা অন্য কোনো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, অপরাধে জড়িত কেউ বিএনপির প্রকৃত কর্মী হতে পারে না। কারও অপকর্মের কারণে দলের সমালোচনার সুযোগ তৈরি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রকৃত বিএনপির কর্মী অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ, দখলবাজ বা সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপি নয়। কারও কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে সরকারের কাছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

দলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যারা শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আজ যারা তারেক রহমানের সঙ্গে কাজ করছি—আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, নিজেদের স্বার্থের জন্য কখনো কোনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি বা দখলের সঙ্গে জড়িত নই।’

দেশের স্থিতিশীলতার সঙ্গে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমজীবী মানুষ। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের শান্তি বজায় রাখা এবং অর্থনীতির চলমান ধারা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকও চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘আজকে যারা চাঁদাবাজি বা দখলবাজি করে, তারা কোনোভাবেই বিএনপির লোক হতে পারে না। এই ধরনের অপরাধীদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। যদি আমাদের দলেরও কেউ এমন অপরাধে জড়ায়, তবে তার বিরুদ্ধেও আমরা সবাই মিলে রুখে দাঁড়াব।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া এবং সদস্যসচিব বদরুল আলম সবুজসহ নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি

শাপলা কর্নার পরিদর্শন করলেন সংসদ সদস্য মাহবুবা হাকিম

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

রাড্ডা ক্লিনিক যারা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ

জামায়াত নেতাদের সঙ্গে আইডিইএ প্রতিনিধি দলের বৈঠক

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

চাঁদাবাজদের জন্য ভিক্ষা করলেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ধ্বংস করা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

‘জুলাই যোদ্ধার স্টুডিওতে হামলা করে ইনিয়ে-বিনিয়ে বলা হচ্ছে চাঁদা চাওয়া হয়নি’

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’