দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন বয়ান (ন্যারেটিভ) তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। বুধবার রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘পরিকল্পিতভাবে যেকোনো একটা ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। সত্যকে মিথ্যা এবং মিথ্যেকে সত্য বানানোর চেষ্টা চলছে। সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে উপস্থাপন করার জন্য নানা আয়োজন চলছে।’
তিনি আরো বলেন, এই পরিকল্পিত অপতৎপরতা রুখে দেওয়া সচেতন নাগরিক ও আলেম সমাজের দায়িত্ব। জাতির প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। সময়ের চাহিদা বুঝে বুদ্ধিবৃত্তিক সচেতনতার সঙ্গে শক্ত অবস্থান নিতে পারলে দেশ ও রাষ্ট্র রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন।
ছাত্র-জনতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জমিয়ত মহাসচিব বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তরুণ প্রজন্মের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। দেশ ও উম্মাহর সংকটকালীন সময়ে ছাত্র-জনতা তাদের অর্পিত দায়িত্ব পালনে সচেতনভাবে এগিয়ে আসবে এবং বিভ্রান্তিকর ন্যারেটিভ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।