হোম > রাজনীতি

জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের ভূমিকাকে জাস্টিফাই করছে: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জামায়াত ইসলামীর উদ্দেশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা (জামায়াত) একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে। এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক '৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার' শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজকে গণঅভ্যূত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেয়ার একটি প্রচেষ্টা করছে একটি মহল। স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে একাত্তরের মুক্তিযুদ্ধ, চিরকাল এভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দিবো না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটাও আমরা আশা করি না।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, কিছুদিন আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামায়াতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী। এই বাহিনী গড়ে তুলেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক-অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীর কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশপ্রেমিক না দেশপ্রেমিক না। তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে জামায়াতে ইসলামীর বক্তব্যে আমি অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে। এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, আমরা তাদেরকে এতদিন মিত্র হিসেবেই গণ্য করে এসেছি। তাদের উপর যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী আমরা তাদের সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাঁদের মন্ত্রীসভায় স্থান দিয়েছে। আমরা ক্নেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি আজকে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে তাদের মধ্যে ফাটল ধরতে পারে। এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন।

মেজর হাফিজ বলেন, শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাবে এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেলো তার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দিবে এবং বাংলাদেশকে তারা আনস্টেবল করার জন্য, দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তারা (ভারত) তাকে (শেখ হাসিনা) ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার অবকাশ থাকবে না।

কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। জুলাই আগস্টে যে ছাত্র নেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদেরকে আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোন কিংস পার্টি করার চেষ্টা করবেন না।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল যেভাবে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে...দেশপ্রেমিক হোন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কী স্ট্যান্ডিং সেটি নির্বাচন না হলেতো পরীক্ষা হবে না। আপনারা মনে করেছেন এতদিন সাবালক হয়েছেন একাই নির্বাচন করতে পারবেন; এখন আর বিএনপির প্রয়োজন নাই। মোস্ট ওয়ে্লকাম। আমরা তাকে স্বাগত জানাই। একটি রাজনৈতিক দলের সে অধিকার আছে সে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা আশা করবো আমরা আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমানের মূলসুর হচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের অপকর্মের কথা ধামাচাপা পড়ে গেছে। এখন বিএনপি জামায়াতের মধ্যে কোন সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য বিভিন্ন পত্র-পত্রিকাসহ বিভিন্ন মহল রয়েছে। আমি বলতে চাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কারো ছোটখাটো কথা কিছু মনে করি না। ছাত্ররা অনেক কিছু দাবিয়াওয়া করতে পারে, আমরা কিছু মনে করি না। তারা আমাদের সন্তানতূল্য, তারাইতো ভবিষ্যতে দেশকে গড়বে। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন। নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনা ষড়যন্ত্র করতে তত সুবিধা হবে।

নির্বাচন নিয়ে মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যায়। আজকে জনগণকে এতো কেন ভয় ? জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে ? এইসব এলিট জম ছাড়েন। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। সংস্কারের নামে আর অধিক সময় নিবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তি বিধান করুন। আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম প্রমুখ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি