বিএনপি সরকার গঠনের পর গত ৬ মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজি আগের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির নেত্রীরা। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনের দক্ষিণ প্লাজার সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠনটির উদ্যোগে সাম্প্রতিক ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধনে এ কথা বলেন নেত্রীরা।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করে নারীশক্তির নেত্রীরা বলেন, তরুণ সমাজ ব্যাপক হারে মাদক, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না। অবিলম্বে এই কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, সদস্য দিলারা খানম ও নারীশক্তির নেত্রীরা।