হোম > রাজনীতি

আমার দেশ সাংবাদিক জাহিদুলকে নির্যাতনের ঘটনায় নিন্দা এনসিপির

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ-এর সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে দলের এই উদ্বেগের কথা জানান।

এনসিপি মনে করে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।

এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে এনসিপি। দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে হবে; রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির বিশ্বাস, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা জনমনে ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার শঙ্কা তৈরি করে। আমরা জাহিদুল ইসলাম ও সব নির্যাতিত সাংবাদিকের পাশে আছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে নাগরিকদের মতপ্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে এনসিপি দঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

এসএন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল