হোম > রাজনীতি

তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ায় তারা এখন শুধু বাংলাদেশি আর তরুণ নয় বরং সারাবিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রজন্ম পুরোনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। তরুণদের কাজের প্রতিটি অংশে ঐকমত্য গড়ে তোলার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে। সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে তিনি বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বাংলাদেশের নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায়, সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে, নাকি দীর্ঘ মেয়াদী সংস্কার চাইবে। যদি মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে, না- আমাদের দীর্ঘ মেয়াদি সংস্কার দরকার, তাহলে আমাদের আরও ছয় মাস সময় লাগবে।

বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার ওপর জোর দেন ড. ইউনূস। তিনি জানান, তাঁর সরকার বাংলাদেশের অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। ইতোমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং ব্যবস্থায় গতি ফিরে এসেছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি