সিরাতুন্নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামী শ্রমনীতি, শ্রমজীবী মানুষের মাঝে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
মঙ্গলবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় আতিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি ও মালিকদের দায়িত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে নীতিমালা দিয়ে গেছেন, তা অনুসরণ ও চর্চার মাধ্যমে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব।
তিনি বলেন, শ্রমিক ও মালিক উভয়ের দায়িত্ব-কর্তব্য এবং শ্রমিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও সারাদেশের শ্রমিক জোনগুলোতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-শ্রমিক জোন ও মহানগর এলাকায় সিরাতুন্নবী (সা.) মাহফিল, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সিরাত ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং সিরাতের ওপর রচিত বই পাঠ প্রতিযোগিতা।
এ ছাড়া ঢাকা, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় নাতে রাসুল (সা.) সন্ধ্যা, ইসলামী শ্রমনীতির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কর্মজীবী নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
‘শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ রাসুলের শ্রমনীতি’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনারও আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সভাপতি।
আতিকুর রহমান বলেন, সিরাতুন্নবী (সা.)-এর আলোচনা ও কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের কাছে ইসলামী শ্রমনীতির মৌলিক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি এ নীতির পক্ষে জনমত গড়ে তোলা হবে। তিনি কর্মসূচি সফল করতে ফেডারেশনের জেলা, মহানগর, ইউনিয়ন, সেক্টর ও কাফ ফেডারেশনসহ সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মহিবুল্লাহ, আক্তারুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা।