জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঢাকা হবে ইসলামী আন্দোলনের রাজধানী, সে-কাজে পল্টন শাহবাগ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা হবেন নিবেদিত প্রাণ। নতুন বাংলাদেশ হবে ইসলামের সুমহান আদর্শের আলোকে পরিচালিত দেশ।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পল্টন-শাহবাগ জোন জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে স্বপ্ন দেখেছে তা সত্য হবে। দেশের সবখানে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আমাদের টার্গেট ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করা। জামায়াতের প্রতিটি ইউনিট সংগঠন তার কর্মসূচি নিয়ে নগরীর প্রতিটি ফ্ল্যাটে ঘরে ঘরে আহ্বান পৌঁছে দিবে। আমরা মহান আল্লাহর সাহায্য নিয়ে জনগণের কল্যাণে সকল কার্যক্রম পরিচালনা করতে চাই। শুধু এটাই আমাদের উদ্দেশ্য নয় বরং জামায়াতের কর্মী, সমর্থক, রুকন (সদস্য), সহযোগী যারা হবেন তারা দুনিয়ায় সফল ও পরোকালে নিজের মুক্তি নিশ্চিতে প্রাণন্তকর প্রচেষ্টারত থাকবেন। লেনদেনে সবখানে উঠা বসায় জামায়াত কর্মীরা হবেন আদর্শের মূর্ত প্রতিক।
পল্টন-শাহবাগ-রমনা জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানার সম্মানিত আমীর আহসান হাবিব, ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানার আমীর এডভোকেট শাহ্ মাহফুজুল হক চৌধুরী, ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও রমনা থানার আমীর মো. আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শূরা সদস্য ও রমনা থানা নায়েবে আমীর মো. সুলতান উদ্দিন, শাহবাগ পশ্চিম থানা নায়েবে আমীর মো. মিছবাহ উদ্দিন সায়েম, শাহবাগ পূর্ব থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হান, শাহবাগ পশ্চিম থানা সেক্রেটারি মো. লোকমান হোসাইন, পল্টন থানার শূরা ও কর্মপরিষদ সদস্য আ ফ ম ইউসুফ এবং থানা সমূহের শূরা ও কর্মপরিষদ সদস্যসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মাদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমীর মো. গিয়াস উদ্দিন, এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।