বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
বুধবার সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া-মির্জানগর মাঝেরপাড়া শিমুলতলা সার্বজনীন পূজা মন্দিরে গিয়ে এ কথা বলেন আজাদ। এসময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আজাদ বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ, একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলবে। এটা বিএনপির অঙ্গীকার, যেটি দলের ৩১ দফা রূপরেখায় রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি বিশ্বাস করে- ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজা পরিষদের নেতাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছি।
তিনি আরও বলেন, আমরা এ দেশে দীর্ঘকাল ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। যেকোনো মূল্যে আমরা এই ধারা অব্যাহত রাখবো। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।