রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, সকালে ধানমন্ডি ৩২ এলাকায় দায়িত্ব পালনকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছনা চালায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও এ হামলার শিকার হন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো যে কোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থি। তারা বলেন, বিরোধী দলে থাকতেই জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী ও আব্দুর রহমান ইশানসহ প্রায় ২৫ জন সংবাদকর্মীর ওপর যেভাবে হামলা ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, এ ঘটনা প্রমাণ করে জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে একটি উগ্র, অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। তাদের ভাষ্য, পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এ হামলার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে যে, স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় ন্যূনতম বিশ্বাস রাখে না।
বিবৃতিতে ছাত্রদল জানায়, সংগঠনটি সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা এবং সংবাদমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। অতীতেও মুক্ত গণমাধ্যমের পক্ষে আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও যে কোনো উগ্র ও ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে।
ছাত্রদলের নেতারা অবিলম্বে ধানমণ্ডি-৩২ এলাকায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকী, আব্দুর রহমান ইশানসহ উপস্থিত সকল গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় জড়িত জামায়াত নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা, তাদের আশু সুস্থতা কামনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।