রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি।
সোমবার দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববারও ফোনে হত্যার হুমকি পান মাহমুদা মিতু। ওই সময় তিনি জাতীয় সংসদে ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
গত শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।