কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।’
নাহিদ আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারেন—প্রশ্ন রাখেন তিনি।
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ।
এর আগে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের খবর প্রকাশিত হয়। সর্বশেষ ঘটনায় নাহিদ ইসলাম হামলার জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করলেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।