প্রেমিকের সাথে দেখা করতে রাজধানীতে এসে এক কিশোরী বিপদে পড়লে ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দশম শ্রেণির ছাত্রী কিশোরী তার প্রেমিকের সাথে দেখা করার জন্য রংপুরের উদ্দেশ্যে গ্রামের বাড়ি হবিগঞ্জ থেকে রওনা দেয় বাড়ির কাউকে কিছু না জানিয়ে। কিশোরী গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুমন্ত থাকায় সে গাজীপুর নামতে পারেনি, গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।
বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাস স্টাফরা কিশোরীকে নানা জেরা করছিলেন। এই অবস্থায় একজন বাস যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন ২৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবার ভোররাত প্রায় তিনটায়।
ওই যাত্রী জানান হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও একজন ১৫/১৬ বছর বয়সী কিশোরী বাসের ভেতর রয়ে যায়। বাসের ড্রাইভার, স্টাফরা হয়ত মেয়েটির সাথে খারাপ কিছু করতে পারে এমন আশংকার কথা জানান বাসযাত্রী।
কলটি রিসিভ করে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। অবগত হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা থেকে কিশোরীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে দুপুরে জানানো হয়েছে।
এভাবে এক যাত্রীর সচেতনতায় এবং ৯৯৯-এর তৎপরতায় এক কিশোরী বেঁচে গেল সমূহ বিপদ থেকে।