ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের আয়োজন করেছে জামায়াতে ইসলামী পল্লবী মধ্য থানা শাখা। শনিবার রাজধানীর মিরপুর-১১-এর ডি ব্লকে বায়তুল এহতেরাম মসজিদ এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, ঢাকা শহর অত্যন্ত জনবহুল। এ দেশের মানুষই দেশের সম্পদ। অথচ বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। জনস্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হলেও দেশের চিকিৎসাব্যবস্থার বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। উন্নত দেশগুলোর হাসপাতালগুলোতে মানুষ সম্মানজনক আচরণ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়। আমাদের দেশেও মানুষের জন্য এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। মানুষ যেন অন্যের কাছে হাত না পেতে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য কর্মসংস্থান সৃষ্টি ও যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আমাদের একবার পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে দেখুন। আমরা সবাই, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ। নির্বাচিত হলে নগরবাসীর কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী মধ্য থানা জামায়াতের আমির রইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন পরিচালক অধ্যক্ষ নাছির উদ্দিন, থানা সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজন এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল।
পরে পল্লবীর সেকশন-১১-এর ডি ব্লক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশা নিধনে ওষুধ স্প্রে করার কার্যক্রম পরিচালনা করা হয়।