জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার অটোরিকশার গতিরোধ করে এই হামলা চালায়। হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এর আগে গত ৮ নভেম্বর তিনি ওই রিসোর্টে চেকইন করেছিলেন এবং মঙ্গলবার তার চেকআউট করার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় করে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হাসিবের গতিরোধ করে তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে হামলাকারীদের আক্রমণ থেকে বাঁচতে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় অটোরিকশায় তার সঙ্গে এক নারীও ছিলেন বলে জানা যায়।
এই হামলার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে হাসিব আল ইসলামের ওপর এই গুপ্ত হামলা চালিয়েছে।
এদিকে, হামলার পর বিকেল পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাসিব আল ইসলামের বর্তমান শারীরিক অবস্থাও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।