হোম > রাজনীতি

ফিনল্যান্ডে এনসিপির তৎপরতায় আ.লীগের সেমিনার বানচাল

স্টাফ রিপোর্টার

ইউরোপের দেশ ফিনল্যান্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) একটি সেমিনার বাতিল হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দেশটির আল্টো বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ মুহূর্তে অনুষ্ঠানটির বুকিং বাতিল করেছে।

জানা গেছে, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও উগ্রবাদ নিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ‘বাংলাদেশ অ্যাট আ টার্নিং পয়েন্ট: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড এক্সট্রিমিজম’ শীর্ষক সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছিল জিসিডিজি।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মো. হাবিবে মিল্লাত সেমিনারটির আয়োজক ও জিসিডিজির প্রেসিডেন্ট।

সেমিনারের আয়োজক সংগঠনটি তাদের অফিশিয়াল পেজের ঘোষণায় বলেছিল, এই সেমিনারে ভারতে পলাতক শেখ হাসিনা অনলাইনে অংশ নেবেন। পাশাপাশি আরও ১০ জনের অতিথি তালিকা প্রকাশ করা হয় ফেসবুক পেজে। অতিথিদের অন্তত তিনজন জানিয়েছেন, তাদের সঙ্গে কথা না বলে বা অনুমতি না নিয়েই নাম দিয়ে দেওয়া হয়েছে। সঞ্চালক হিসেবে থাকার কথা ছিল ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামের একটি সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্নের। ক্রিস বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন।

ফিনল্যান্ড এনসিপির আহ্বায়ক মো. আহাদ শিকদার বলেন, সেমিনারের বিষয়ে ভেন্যু যে বিশ্ববিদ্যালয়ে, সেই কর্তৃপক্ষকে আমরা ইমেইল করে জানিয়েছি, জুলাই গণহত্যায় সাজাপ্রাপ্ত পলাতক খুনি শেখ হাসিনার অংশগ্রহণের কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে ভেন্যু বরাদ্দ বাতিল করেছে। যেই আওয়ামী লীগ হাজারো মানুষ খুন করেছে, তারা ইউরোপের একটি দেশে অনুষ্ঠান করবে, এটি হতে পারে না।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলের মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে আমরা ফিনল্যান্ডের দৃঢ় অবস্থান সম্পর্কে অবগত। তাই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত অপরাধমূলক সংগঠন আওয়ামী লীগ সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজন করায় বিষয়টি তাদের জানানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ফিনল্যান্ড শাখা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিদেশি আলোচকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল বুকিং বাতিল করে দেয় এবং বিদেশি আলোচকেরা অংশ নিতে অস্বীকৃতি জানান।

গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনায় অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে: মঞ্জু

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের

এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার

মহেশখালীতে এনসিপির ৩টি হুইল চেয়ার বিতরণ

টিআইবির প্রতিবেদনে জামায়াত নিয়ে অসত্য তথ্য দেওয়া হয়েছে

ক্রীড়াঙ্গনে দলীয়করণ বন্ধে বিকল্প পরিসর প্রয়োজন: নাহিদ ইসলাম

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দায়িত্বে ফাহিম-নাজমুল

দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গড়তে হবে: এমপি কামাল হোসেন