বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক অর্জন। তাই জুলাই বিপ্লবীদের প্রতি যথাযথ সম্মান প্রদান করতেই প্রস্তাবিত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের কার্যকর সংস্কারের সঙ্গে সঙ্গে জুলাই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। জনগণ দেশে আর কোন ভোট চুরির প্রহসনের নির্বাচন মেনে নেবে না বরং এ ধরনের যেকোন ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেবে। তিনি পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি সোমবার বিকেলে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টের কনভেনশন হলে কাফরুল-মিরপুর জোন জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে দ্বীনের বিজয় ত্বরান্বিত করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, ডা. আসাদুজ্জামান কাবুল, কাফরুল উত্তর থানার আমীর রেজাউল করিম মাহমুদ, জোন সদস্য জসিম উদ্দিন, জামায়াত নেতা আতিক হাসান ও মু. আবু নাহিদসহ মহিলা জামায়াতের সকল পর্যায়ের প্রতিনিধিরা।