হোম > রাজনীতি > বিএনপি

ক্ষমতায় গেলে কৃষি, অবকাঠামো উন্নয়ন ও বস্তিবাসীর পুনর্বাসনের কাজ করব

ভাসানটেকে নির্বাচনি জনসভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাতে রাজধানীর ভাসানটেকে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় তারেক রহমান বলেন, দেশে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন সময় দেশ গঠনের। স্বৈরাচারী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছিল, তখন সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি জনগণের মুখ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা, আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধানে কাজ করবেন।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে।’

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। এ ছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে নিজের আত্মীয়স্বজনকেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ জনসভায় অংশ নেন।

বক্তব্য দেওয়ার আগে ভাসানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি স্থানীয় ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ