হোম > রাজনীতি > বিএনপি

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে মতপার্থক্য থাকলে তা সংসদে আলোচনা করে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণভোটের রায় মানতে হবে—এটা বিএনপি অস্বীকার করেনি, জুলাই সনদ বাস্তবায়নও অস্বীকার করছে না। তবে এর মধ্যে কিছু নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। শুধু বিএনপির নয়, আরও অনেক দলেরই আছে। সেগুলোর নিষ্পত্তি করা দরকার। গণতান্ত্রিক পরিবেশে প্রতিটি সমস্যার সমাধান সংসদে, আলোচনার টেবিলে হবে, লং মার্চ করে নয়।

রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতি ভবনের সানাউল্লাহ মিয়া হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আপনারা বলছেন, সাত দফা দাবি মেনে নিতে হবে, না হলে এক দফায় ফিরে যাব। কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে। কত নিপীড়ন-অত্যাচার সহ্য করেছে, কত নেতাকর্মী হাত-পা হারিয়েছেন, পুলিশের শটগানের গুলিতে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এত ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ জনগণের আস্থায় রয়েছে। রাজপথ কি আপনাদের মৌরসি পাট্টা করে দেওয়া হয়েছে, যে আন্দোলনের মাঠ আপনাদের দখলে থাকবে আর আমরা ঘরে বসে থাকব?

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রায়নের জন্য জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব। সব দল একত্র হয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। একটি জাতির আত্মজীবনী হলো তার সংবিধান। সময়ের সঙ্গে একটি জাতির বয়স বাড়ে, সংবিধানেও সংশোধনী আসে। বিভিন্ন সংশোধনীর মধ্য দিয়ে একটি জাতির ইতিহাস সংবিধানে লিপিবদ্ধ থাকে। কিন্তু সংস্কারের কথা বলে আসলে কী বোঝাতে চাচ্ছেন, তা পরিষ্কার করতে হবে।

নিজের কারাবাসের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান, একটানা ৩৫ দিন রিমান্ডে ছিলেন তিনি। এর মধ্যে ২২ দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এবং ১৩ দিন মোহাম্মদপুর থানায় কাটাতে হয়েছে।

সে সময়ের স্মৃতিচারণা করে রিজভী বলেন, সেই দুঃসময়ে আইনজীবীরা আদালতে রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে কারাবন্দিরা কিছুটা স্বস্তি পেতেন। বাইরে যখন অন্ধকার, কারফিউ এবং কালো আইনের প্রতাপ ছিল, তখন আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ভূমিকা ছিল আশ্রয়স্থলের মতো। সেই অবদান কোনোভাবেই ভুলে যাওয়ার নয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারপ্রক্রিয়াতেও ন্যায়বিচার ব্যাহত করা হয়েছিল। আইনজীবীদের জোরালো যুক্তি ও নথিপত্র উপেক্ষা করে তাকে সাজা দেওয়া হয়েছিল। কারাগারে থাকাকালে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেওয়া এবং অমানবিক পরিস্থিতির সৃষ্টি করার তীব্র সমালোচনাও করেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্ব পালনকারীদের জন্য ভাতার উদ্যোগও সামাজিক সুরক্ষারই অংশ।

এসব উদ্যোগকে উপেক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন। এসব ঘটনা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বারের আহ্বায়ক খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে ঢাকা বারের সহস্রাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংস্কার লংমার্চে নয়, সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী