মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত, তবে এর সঙ্গে দল যুক্ত নয়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
রোববার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে ‘মাদকবিরোধী যুবসমাজ’-এর উদ্যোগে আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা থেকে ঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো বাছ-বিচার ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকার প্রশ্নাতীত। অথচ এমন ন্যক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপিও ক্ষুব্ধ ও বিব্রত। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের দুর্বলতা, উদাসীনতা বা দায়িত্ব পালনে গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া অপরাধের দায় বিএনপির ওপর চাপানো যাবে না। তবে দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। বিএনপি জনসমক্ষে জনগণের কাছে জবাবদিহি করে।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের একটি ঘটনাকে ‘বিএনপির চাঁদাবাজি বা দখল’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়ার আগেই শুধু ভিউ বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে অর্বাচীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি বা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।