হোম > রাজনীতি > বিএনপি

মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা শিগগিরই, আলোচনায় সাবেক ও নতুনরা

আন্দোলন-সংগ্রাম, কারা নির্যাতন ও সাংগঠনিক দক্ষতায় গুরুত্ব দেওয়ার ইঙ্গিত

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও তৎপরতা বেড়েছে। শীর্ষ নেতৃত্বে এবার নতুন মুখ আসবে, নাকি সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের মধ্য থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে—এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। তবে নতুন কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কমিটি বিলুপ্ত হলেও সাবেক নেতৃত্বের একাংশ আগের কমিটির নেতাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব দেখতে চান। অন্যদিকে, নতুন কমিটিতে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে। সব মিলিয়ে নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে বেড়েছে দৌড়ঝাঁপ।

গত ৩০ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। কমিটিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয়। এরপর থেকেই সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে—এমন প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. রবিন খানকে সভাপতি এবং আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে চলতি বছরের ৪ এপ্রিল ইউনিটটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক মাসের মধ্যেই তা বিলুপ্ত হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা আরও জোরালো হয়েছে।

সভাপতি-সম্পাদক পদে একাধিক নাম

নতুন কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সাবেক সহসভাপতি মোতহার হোসেন নিলয়, গোলাম মাওলা গোলাপ, কাউসার খান ও কাজী শাওন আলম।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার, মিরপুর কলেজ ছাত্রদলের সদস্যসচিব শরীফুল ইসলাম সুমন, সাবেক দপ্তর সম্পাদক শহীদুল আলম এবং সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সজীব। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি।

পদপ্রত্যাশীদের মধ্যে কয়েকজনের দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদের সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কথা সামনে আনছেন সংশ্লিষ্টরা।

আকরাম আহমেদ ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বাংলা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১১ আগস্ট ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তাকে মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়।

দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সাতবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে ২৪টি রাজনৈতিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালে অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে তার ডান পায়ের হাঁটুর জয়েন্টে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে প্রায় সাত মাস কারাভোগ করতে হয়।

ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পদপ্রত্যাশী মোতহার হোসেন নিলয় আমার দেশকে বলেন, “দল আমাকে যেখানে মূল্যায়ন করবে, সেখানে আমি দায়িত্ব পালন করব। দল যদি মনে করে, দলের দুর্দিনে আমার অবদান রয়েছে, তাহলে আমাকে যেখানে দায়িত্ব পালন করতে বলবে, সেখানেই দায়িত্ব পালন করব।”

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শরীফুল ইসলাম সুমন আমার দেশকে বলেন, “দলের দুর্দিনে নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। বিশেষ করে যারা দলের আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের নিয়ে কমিটি গঠন করা হোক। অতীতে দলের প্রয়োজনে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে দায়িত্ব পালন করেছি। আগামীতেও দল যেখানে উপযুক্ত মনে করবে, সেখানে দায়িত্ব পালন করব।”

আরেক পদপ্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া খান সিজার আমার দেশকে বলেন, “দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছি, জেল-জুলুম ও নানা নির্যাতনের শিকার হয়েছি। দলের কঠিন সময়ে, যখন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে, তখনও দলের পাশে ছিলাম। দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করেছি। এখন দল রাষ্ট্রক্ষমতায়, দলের সুসময় চলছে। এই সময়ে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দল আমাকে যেখানে যে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত মনে করবে, সেখানেই আমি দায়িত্ব পালন করতে প্রস্তুত। দলের প্রয়োজনে যেকোনো দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য।”

আন্দোলন-সংগ্রামে পরীক্ষিতদের গুরুত্ব

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, হামলা-মামলার শিকার হওয়া এবং কারাবরণের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে ছাত্রদলের একাধিক নেতা তৎপরতা চালাচ্ছেন। তাদের কেউ কেউ বিএনপির জাতীয় পর্যায়ের নেতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজেদের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ ও অতীত কর্মকাণ্ড তুলে ধরে নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পদপ্রত্যাশীদের কর্মকাণ্ড যাচাই-বাছাই করে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা এবং রাজনৈতিক নিপীড়ন, হামলা ও মামলার শিকার হওয়ার বিষয়গুলোও বিবেচনায় আসতে পারে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, তা নির্ভর করছে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের ওপর।

নতুন কমিটি ঘোষণার সম্ভাব্য সময় ও নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আমার দেশকে বলেন, “শিগগিরই নতুন কমিটি ঘোষণার কাজ চলছে। নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। ইতোমধ্যে পদপ্রত্যাশীদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের ছড়াছড়ি

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না: চিফ হুইপ

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক: রিজভী

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত