বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অর্ধেকের বেশি নারীশক্তিকে রাষ্ট্র, রাজনীতি ও অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। তিনি জানান, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলে প্রথমবারের মতো প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে, যা পরিবারগুলোর নারী প্রধানের নামে দেওয়া হবে।
সোমবার বিটিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রয়োজন ও বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে এই আর্থিক সহযোগিতার পরিমাণ বাড়ানো হবে। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’কে বিএনপি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করে।
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা আরো বাড়ানো হবে।
বিএনপি চেয়ারম্যান আরো বলেন, নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করা হবে এবং আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
নারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তারেক রহমান। কর্মপরিবেশ নিরাপদ ও সহায়ক করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোর নির্দিষ্ট কয়েকটি স্থানে হাইজিনিক বাথরুম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানির বিষয়ে তিনি বলেন, সমাজে নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন এবং বর্তমানে সাইবার বুলিং উদ্বেগজনক রূপ নিয়েছে। বুলিংসহ নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।