১৫টি গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে না গিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার জঞ্জাল পরিষ্কার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, শুধু এলাকার নয়, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, সরকারি ও বিরোধী দল মিলে চলুন সেই জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।
শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত মিরপুর ১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়াও সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মনির হোসেন স্বাস্থ্য ক্যাম্পের মেডিসিনসহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্পে দিনব্যাপী নগরবাসীদের সাধারণ চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা, স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি ও পুষ্টি সেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ফটোসেশনের রাজনীতি ও জনসভার পথ ছেড়ে বিরোধী দলকে জনসেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু দুয়েক দিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না; আসুন, দলমত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি। বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশ নতুন রাজনীতির সূচনা করেছেন—যেটি জনসভার রাজনীতি নয়, বরং জনসেবার রাজনীতি।
মিরপুরের ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সম্পর্কে তিনি বলেন, এটি শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এখান থেকে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনস্বার্থবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। সরকার যেকোনো ব্যর্থতার মুখোমুখি হতে প্রস্তুত এবং প্রধানমন্ত্রী নিজেই জনগণের কাছে জবাবদিহি করেন—এটাই বিএনপির সততা ও অন্য দলগুলোর সঙ্গে মূল পার্থক্য।
উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
নগরবাসীর সহযোগিতার কথা স্মরণ করে তিনি আরো বলেন, নগরবাসীর সহযোগিতা ছিল বলেই মিরপুর ১০ ও ১ নম্বরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় আমাদের মাঠপর্যায়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে।