নির্বাচনী জনসভায় গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে দায়িত্বশীল সরকার গঠনে সুযোগ দিন। ভোট হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার।
গণতন্ত্র না থাকলে দেশ থাকবে না। ৬৩ বছর জনগণের পক্ষে জনগণের অধিকার রক্ষায় রাজনীতি করেছি। গত ১৭ বছর রক্ত ঝরিয়েছি। ক্ষমতার পালাবদলে ভোট গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে এক থাকতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে ভোট কেন্দ্রে যেতে হবে।
তিনি বলেন, সকল নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্বাচিত হয়ে কেরানীগঞ্জ বাসির পক্ষে সংসদে কথা বলার সুযোগ করে দিতে হবে।
সোমবার বিকেল চারটায় কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে কেরানীগঞ্জ সাজানো হবে। ঢাকা জেলার সকল অফিস, আদালত মহানগর থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। স্বনামধন্য বিশ্ব বিদ্যালয়গুলো কেরানীগঞ্জ আসবে। সড়ক প্রশস্ত হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করা হবে।
জামাতে ইসলামকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৭১ সালে পাক সেনাদের পক্ষ নিয়ে নারী ধর্ষনের সহযোগিতা করছে। ৮৬ সালে স্বৈরাচার এরশাদের পক্ষ নিয়ে স্বৈরশাসককে বৈধতা দিয়েছে। ৯৫ সালে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, ১৯৭১ সালে কোন ধর্মভিত্তিক যুদ্ধ ছিল না, তখন ছিলো দেশ রক্ষার যুদ্ধ। তখন কেন জামাতের লোকজন জনগণের পক্ষ ছিল না।
অনেক আলেম জামাত ইসলামের বিরোধিতা করছে। তিনি বলেন ১৭ বছর ভোট বঞ্চিত মানুষ আশা করছে, নিরাপদ শান্তিতে ভোট কেন্দ্রে ভোট দিবে। কিন্তু একটি রাজনৈতিক দল ভোটকেন্দ্রের শান্তি বিনষ্ট করতে চায়। তিনি ১২ তারিখ সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহবান জানান।
জিনজিরা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, থানা বিএনপির সহ-সভাপতি বদিউজ্জামান বাবুল, প্রবীণ-বিএনপি নেতা গোলাম মোস্তফা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুবদল নেতা আজাদ হোসেন ও জাহিদ মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।