ঢাকা-১৭ আসনের নির্বাচনী কেন্দ্রে পরিদর্শনে বের হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সোয়া ১১ টায় গুলশানের বাসার বের থেকে বের হয়ে তিনি মহাখালী কড়াইল বস্তি এলাকায় যান।
এসময় রাস্তায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। সবার কাছে হাত তুলে দোয়া চাইতে দেখা গেছে বিএনপি চেয়ারম্যানকে।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।
প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।