ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির তিন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে এ আসনে কাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্লামেন্টারি বোর্ড ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডা. ফরহাদ হালিম ডোনার।
বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। স্থায়ী কমিটিই বোর্ডে সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।