জুলাই জাতীয় সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব বা কমিয়ে আনার যে প্রস্তাব করা হয়েছিল, তার তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি মনে করে, দেশে বিদ্যমান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার সুযোগ থাকা উচিত নয়।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এ কথা জানান।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘জুলাই জাতীয় সনদে বারবার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা ও কমিয়ে আনার কথা বলা হয়েছিল। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা মনে করি, বর্তমানে দেশে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি (সংসদীয় গণতন্ত্র) চলছে, সেখানে কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কোনো উপায় বা সুযোগ থাকা উচিত নয়। ছাত্রদল অত্যন্ত সুস্পষ্টভাবে তার এই অবস্থান তুলে ধরেছে।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটি পুনঃস্থাপনের বিষয়েও আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এটি অত্যন্ত সতর্কতার সহিত করা উচিত।’
তিনি আরো উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো জটিল ফর্মুলার দিকে না গিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে।