বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাইকোর্ট এলাকার সামনে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার আয়োজিত এ মানবিক কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্যসচিব কাজী আবুল বাশার। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কাজী আবুল বাশার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী শুধু স্মরণ করার দিন নয়, বরং তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে জনগণের পাশে দাঁড়ানোরও একটি উপলক্ষ। তার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে সহস্রাধিক দুঃস্থ, শ্রমজীবী ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচির শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএস