হোম > রাজনীতি > বিএনপি

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

শামসুজ্জামান দুদু বলেন, ভারত একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, ‘যারা অপরাধী, বাংলাদেশের আইনে যারা দণ্ডিত, তাদের তারা আশ্রয় দিচ্ছে। অথচ তাদের অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা উচিত। তারা গণতন্ত্রের কথা বলছে, কিন্তু অপরাধীদের জায়গা দিচ্ছে।’

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু কোনোভাবেই তাকে হত্যা করা যায় না।

বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, পার্শ্ববর্তী দেশ তাদের রক্ষা করেছে। শুধু রক্ষা নয়, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’

বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে দুদু বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এ লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ টেনে দুদু বলেন, ‘নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যে ভাষণ দিয়েছেন, সারা বিশ্বে সেটা প্রশংসিত হয়েছে।’

তারেক রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দুদু বলেন, ‘এসব কথা ভুলে আমাদের এক জায়গায় দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রাড্ডা সেন্টার ও স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি বিব্রত, তবে জড়িত নয়: প্রিন্স

জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস