‘‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’’– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পাঁচ বছর বয়সী শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সাথে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধিদল।
তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।