হোম > রাজনীতি > বিএনপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন যোগ্য ও পরীক্ষিতরা: রিজভী

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উদ্বোধনী বক্তব্যে রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতাসহ বিভিন্ন যোগ্যতা বিবেচনা করে দলীয় পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আশা প্রকাশ করেন, দলের সিদ্ধান্ত সবাই মেনে নেবেন এবং মনোনয়ন না পাওয়া নিয়ে কোনো ধরনের নেতিবাচক পরিবেশ সৃষ্টি হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেত্রীদের মূল্যায়ন করা হবে এবং একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

প্রথম মনোনয়ন ফরমটি জেরিন দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন রিজভী। দ্বিতীয় ফরম পান জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিনী ফাতেমা আসাদ।

এছাড়া নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক ও পেয়ারা মোস্তফাসহ আরও অনেক নারী নেত্রীর হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।

এসময় দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন ও তারিকুল ইসলাম তেনজিংসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নারী নেত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করেন এবং এ সময় তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

এর আগে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে একটি আসন।

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের ইন্তেকাল

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান