হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ও বিশুদ্ধ নদী-নালার মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদীনালার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর ধোলাইখাল পুকুর (সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি পরিবেশবান্ধব দল। বৃক্ষরোপণ, নদী-নালা ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দলটি কাজ করে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আগে পুরান ঢাকা অপরিচ্ছন্ন রাস্তাঘাট, নদী-নালা ও জলাশয়ের কারণে ভীতিকর মনে হতো। তবে বর্তমানে বিভিন্ন পুকুর, খাল ও জলাশয় পরিষ্কার করায় পরিবেশের পরিবর্তন দেখা যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় গাছ, মাছ, নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় রক্ষা করতে হবে। তা না হলে মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ পরিবেশদূষণের অন্যতম কারণ। আগে শরৎকালে বিল ও ঝিলের পাশে কাশফুল দেখা যেত। জলাশয় ভরাটের কারণে এখন সেই দৃশ্য কমে গেছে। তাই পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকলেও এরই মধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা সরকারের সময় মামলা, হামলা ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা বৃক্ষরোপণ ও নদী-নালা পরিষ্কারের কর্মসূচি পালন করেছেন। করোনার সময়ও ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম চালানো হয়েছিল।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ থাকলেও গতবারের তুলনায় তা কম। পুকুর, বিল, ঝিল ও নালা পরিষ্কার রাখলে এডিস মশার প্রজনন কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে রিজভী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে এলএনজি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। সরকার বিকল্প উৎস থেকে গ্যাস আনার চেষ্টা করছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা টার্মিনাল মেরামতের কাজও চলছে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে জ্বালানি সংকট অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিটি করপোরেশনের অর্থসংকটের বিষয়ে রিজভী বলেন, আগের সরকারের সময় ব্যাংকের টাকা লোপাট ও পাচারের কারণে আর্থিক ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ফলে সিটি করপোরেশন প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে উন্নয়নকাজ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি জনস্বার্থের দল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের কল্যাণে দলটি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো কর্মসূচি নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এখন তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা বলেছেন।

রিজভী বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শহরে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে নদী, খাল, বিল ও জলাশয় রক্ষা করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালাম, ঢাকা ৬ আসনে সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও বঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা

স্ক্রিননির্ভরতা কমিয়ে তরুণদের প্রকৃতির কাছে ফেরাতে হবে: ডিসি জাহিদ

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী যুবকের মৃত্যু

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

চলমান লঘুচাপের প্রভাব কবে কাটবে

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

দুদকের সংবাদ সম্মেলনের পর আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদের পদত্যাগ